সেনাপ্রধানের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া
প্রথম বারের মত রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারিতে রাওয়া কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দেয়া বক্তব্য নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান তাঁর বক্তব্যে যে সতর্ক বার্তা দিয়েছেন তা কাদের উদ্দেশ্যে দিয়েছেন স্পষ্ট না হলেও দেশের রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক বিতন্ডা এবং বিভক্তির কথা স্মরণ রেখে বলা যায়, তা দেশের রাজনৈতিক দল, সরকার এবং সব অংশীজনদের উদ্দেশ্যেই বর্তায়। তবে দেশের চলমান বাস্তবতায় সেনা প্রধানও দায় এড়াতে পারেননা। বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা নিরসনে মেজিস্ট্রেসি পাওয়ারসহ সেনাবাহিনী মোতায়েন সত্ত্বেও পরিস্থিতির অবনতিতে সেনাবাহিনীর ভূমিকা ও আন্তরিকতা নিয়ে জনমনে এক ধরণের সংশয় সৃষ্টি হতেই পারে। এহেন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বিভক্তি ও দলাদলি পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। সেনাপ্রধানের বক্তব্যে এ বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে উঠে এসেছে। তার এই সতর্ক বার্তা যথার্থ। তবে তার বক্তব্যের ভাব-ভঙ্গিম সম্বোধন ও শারিরি ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাপ্রধান এই হত্যাকান্ডের জন্য সাবেক বিডিআর সদস্যদেরই দায়ী করেছেন। এটুকু বলাই যথেষ্ট নয়। এই হত্যাকান্ডের সাথে প্রতিবেশি দেশের ষড়যন্ত্র, তৎকালীন সরকারের মন্ত্রী-এমপিসহ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার যে সব অভিযোগ গত ১৫ বছর ধরে এসেছে তা’ অমূলক বা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনগুলোর মধ্যে পিলখানা হত্যাকান্ড তদন্ত কমিশন অন্যতম গুরুত্ব বহন করছে। দেশের মানুষ আশা করে, পিলখানা হত্যাকান্ডে কারা জড়িত, কারা সহযোগী, বাইরের কোনো শক্তি জড়িত কিনা, তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত কমিশনের। এমতাবস্থায় সেনাপ্রধানের বক্তব্য স্বাধীন তদন্ত কমিশনের কাজে প্রভাব সৃষ্টি করবে কিনা, কেউ কেউ এমন কথাও বলছেন।