নিয়মকে টানিয়া ছিঁড়িয়া ফেলা যাইবে না
পথচারী, যাত্রী এবং অন্যান্য বৈধ যানবাহনের চালকদের অভিজ্ঞতা স্পষ্ট করিয়া প্রমাণ করে যে, ব্যাটারিচালিত এই তিন চাকার যান মহাসড়কে চলাচল করিবার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। ইহারা মহাসড়কে চলিতে গিয়া বড় যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বহু ক্ষেত্রে হঠাৎ সামনে পড়িয়া দুর্ঘটনার জন্ম দেয়। অনেক ক্ষেত্রে ইহারা উলটা পথে চলিয়া শুধু নিজেদের নয়, অপরাপর যাত্রী ও পথচারীদের জীবনও ঝুঁকির মুখে ঠেলিয়া দেয়। ব্যাটারিচালিত যানবাহনগুলির চালকগণ অনেক সময় পুলিশকে 'ম্যানেজ' করিয়া চলাচল করেন বলিয়া অভিযোগ রহিয়াছে। এই অটোরিকশাগুলির জন্য যদি সত্যিই বিকল্প রোড বা লেন গঠনের প্রয়োজন হয়, তাহা হইলে তাহা নির্মাণের জন্য অর্থনৈতিক সক্ষমতা বা পরিকল্পনা প্রয়োজন। অতএব, বর্তমান পরিসরে যাহা প্রয়োজন তাহা হইল-নিয়ম কঠোরভাবে মানা এবং মানানো। উন্নত ডিজাইনে নির্মিত কোনো নূতন প্রজন্মের ব্যাটারিচালিত যান ভবিষ্যতে হয়তো মহাসড়কে চলাচলের জন্য উপযোগী হইতে পারে; কিন্তু তাহার জন্যও প্রয়োজনীয় গবেষণা, পরীক্ষানিরীক্ষা, লাইসেন্সিং ও পৃথক গতি-নির্ধারণ আবশ্যক।