কত কী হয়েছে লেখা দেয়ালে দেয়ালে…
গলির মোড়, শহরের ব্যস্ত রাজপথ, নিভৃত গ্রামের মাটির রাস্তা, এমনকি পাহাড়ি জনপদ কিংবা নদীবিধৌত চর—সব জায়গার দেয়ালই তখন কথা বলছিল। আর এই কথাগুলো বলা হচ্ছিল রঙে, তুলিতে ও স্প্রে ক্যানের আওয়াজে। এক অভূতপূর্ব গণআন্দোলনের আবহে বাংলাদেশের মানুষ যে গ্রাফিতির জন্ম দিয়েছিল, তা কেবল পরিমাণে নয়, ব্যঞ্জনায়ও অতুলনীয়। বিশ্ব ইতিহাসে এমন দৃষ্টান্ত দুর্লভ, যেখানে আন্দোলনের ভাষা হয়ে উঠেছে দেয়ালের চিত্র, আর রঙিন রেখার মাঝে উচ্চারিত হয়েছে অবদমন ভাঙার স্লোগান।
